স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ বর্তমান বিশ্বের কাছে এক বিস্ময়কর দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। দেশের এ উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে এর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ দেশ আরও এগিয়ে যাবে। সারাদেশেই এখন উন্নয়ন কাজ চলছে।’
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘গাজীপুরকে নিয়ে বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি করা যাবে। কারণ, এখানে অসংখ্য শিল্পকারখানা রয়েছে। বিদেশিরাও এখানে বিনিয়োগ করেছে এবং করছে। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনকে সাড়ে তিন হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; আরও বরাদ্দ দেওয়া হবে।’
গাজীপুর সিটিকে একটি অনন্য নগরীতে পরিণত করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা গাজীপুর সিটিকে একটি স্মার্টসিটিতে পরিণত করার চিন্তা করছি। ইতোমধ্যে বিদেশি কিছু সংস্থা যোগাযোগ করেছে। গাজীপুরের রাস্তাঘাট, কালভার্ট ও ব্রিজসহ সামগ্রিক উন্নয়নের জন্য আমরা ছোট একটি প্রকল্প বাস্তবায়নের পর বড় একটি প্রকল্প নিচ্ছি। গাজীপুর অত্যন্ত উর্বর জায়গা। এখানে অসংখ্য শিল্পকারখানা রয়েছে। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। গাজীপুরে যেসব সুযোগ আছে, সেগুলোকে কাজে লাগাবো।’
গাজীপুর সিটির উন্নয়ন কাজে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘গাজীপুরের সামগ্রিক উন্নয়ন বাস্তবায়ন করতে প্রচুর টাকার প্রয়োজন। গাজীপুরে এ টাকা সংগ্রহের পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমরা হয়তো দুই হাজার কোটি টাকা, ১০ হাজার কোটি টাকা দিতে পারবো। এ টাকা দিয়ে গাজীপুরের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে হাজার লক্ষ কোটি টাকা লাগবে। এজন্য নগরবাসীকে রাজস্ব দিতে হবে; গ্যাস, বিদ্যুৎ বিল ঠিকমতো পরিশোধ করতে হবে।’
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, ডেঙ্গু বিষয় বিশেষজ্ঞ জাপানি প্রতিনিধি ড. হু লি ফাত, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।








