আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালত। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। আদালত ১৯০৮ সালের দ্য এক্সপ্লোসিভ স্যাবসটেন্স-এর ৪ ধারায় আসামিদের প্রত্যেককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণার সময় ওই আসামিরা আদালতে হাজির ছিলেন। পরে বিশেষ পুলিশি নিরাপত্তায় আসামি ফরিদ মৃধা, মো. শহিদুল ইসলাম, মো. মহসিন মোল্লা ও মো. নাহিদ মোল্লাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি গোলাম রব্বানী ওরফে বাবু মৃধা জানান, ২০১৬ সালের ২৬ আগস্ট ফরিদপুরের ভাঙ্গা বাজার থেকে ময়মনসিংহের একটি বোমা বিস্ফোরণ মামলার পলাতক আসামি নাহিদ মোল্লাকে আটক করা হয়। তার কথা মতো ওইদিন বিকালে এই অঞ্চলের আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক কমান্ডার ফরিদ মৃধাকে তার বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার দক্ষিণ আলমনগর গ্রাম থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি গুলিভর্তি বিদেশি পিস্তল, গুলিভর্তি একটি ওয়ান শ্যুটারগান, ১২টি হাতবোমা, বোমা বানানোর সরঞ্জাম, বিস্ফোরকসহ তার আরও দুই সহযোগীকে আটক করা হয়।
পরে ওই রাতেই তাদের বিরুদ্ধে সদরপুর থানার ওসি (তদন্ত) আমিনুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।








