ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাতুল (১২)। শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মশিউর রহমান নয়ন জানান, শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে রাতুল তার বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গায় গোসল করতে নেমে নিখোঁজ হয়। আজ ঘাট এলাকার একটু দূরে রাতুলের লাশ ভেসে ওঠে। লোকজন থানয় খবর দেয়। আমরা ভাসমান লাশটি উদ্ধার করি। রাতুলের বাবা রাসেল লাশের পরিচয় শনাক্ত করেন। তার কোনও অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতুল গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। তাদের বাড়ি জিনজিরা ইউনিয়নের গোলজারবাগ গ্রামে।








