নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসল করতে নেমে মিরাজ (৭) ও অয়ন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বেজেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ বেজেরগাঁও এলাকার আল-আমিন মিয়ার ছেলে ও অয়ন আল-আমিন মিয়ার ছোট ভাই আলমগীর হোসেনের ছেলে।
আল-আমিন মিয়া জানান, আজ (শুক্রবার) সকাল ১০টায় মিরাজ ও অয়ন বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এসময় তারা পানিতে ডুবে যায়। পরে ২-৩ ঘণ্টা পরও তাদের কোনও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরে যান। এসময় পুকুরের পানির নিচ থেকে মিরাজ ও অয়নের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সাংবাদিকদের কাছে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।








