চাকরি দেওয়ার কথা বলে খুলনার এক কিশোরীকে (১৫) সাভারের আশুলিয়ায় এনে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ অক্টোবর) অভিযোগ পেয়ে ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ছয় জন হলো–রবিন ওরফে সানি (২২), আজিম উদ্দিন মোল্লা (৫০), আকবর হোসেন (২৩), শান্ত (২১), নাহিদ (২০) ও ইমরান (২১)।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, ঘটনার শিকার মেয়ের চাচাতো বোনের সঙ্গে রবিন ওরফে সানির ফেসবুকে পরিচয় হয়। একসময় তাদের মধ্যে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে। কিছুদিন আগে দুজনকেই চাকরি দেওয়ার কথা বলে রবিন। তারা চাকরির আশ্বাসে আসতে রাজি হলে রবিন আশুলিয়ায় তাদের জন্য ভাড়া বাসার ব্যবস্থা করে দেয়। এরপর থেকে ওই দুই বোন ওই বাসায় বসবাস করতে শুরু করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (২৮ অক্টোবর) রাতে রবিন ও তার চার বন্ধু মেয়ে দুটির ভাড়া বাসায় আসে। এ সময় কৌশলে কথিত প্রেমিকাকে ঘরের বাইরে ডেকে নিয়ে যায় রবিন। এ সুযোগে কক্ষে থাকা কিশোরীকে ‘সংঘবদ্ধভাবে ধর্ষণ’ করে বাকি চার জন। এ সময় বাড়ির মালিক আজিম উদ্দিন মোল্লা বাইরে থেকে পাহারা দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে কিশোরীকে উদ্ধার এবং ছয় জনকে গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক জিয়াউল ইসলাম বলেন, ‘কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া, গ্রেফতারকৃত ছয় জনকে আদালতে পাঠানো হয়েছে।’








