নরসিংদীর ঘোড়াশাল বাজারের ৫টি সোনার দোকানসহ ৬টি দোকানে ডাকাতি হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ১০৯ ভরি সোনাওসহ নগদ ১৮ লাখ টাকা লুট হয়েছে বলে জানান দোকান মালিকরা। ডাকাতদের হামলায় ২ দোকান কর্মচারি আহত হয়েছেন। নরসিংদীর পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এ কথা জানান।
ডাকাতি হওয়া দোকানগুলো হলো-মুসলিম জুয়েলার্স, জনতা গহনা, প্রিয় জুয়েলার্স, মল্লিক জুয়েলার্স, মা শিল্পালয় ও ১টি চালের দোকান।
বাজার ব্যবসায়ীদের বরাত দিয়ে নরসিংদী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানায়, রাত ১টার দিকে ২০/৩০ জনের একদল অস্ত্রধারী ডাকাত এক সঙ্গে বাজারের ৫টি সোনার দোকানে হানা দেয়। এসময় তারা ডিবি পরিচয়ে দোকানে ঢুকে। পরে তারা দোকানে থাকা লোকজন ও বাজারের পাহারাদারদের মারধোর করে একটি ঘরে আটকে রাখে। ডাকাতরা রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত ৫টি দোকানের তালা ও সিন্ধুক কেটে সোনা ও নগদ টাকা লুট করে। ডাকাতি শেষে বাজারের পাশের শীতলক্ষ্যা নদী দিয়ে স্পিডবোটে করে ডাকাতরা পালিয়ে যায়। পরে বাজার কমিটির লোকজন ও বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত দুই দোকান কর্মচারী বলরাম ও রামজয় মণ্ডপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।








