ঘনকুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টায় কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, শনিবার ভোররাত থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট, নৌপথ দৃষ্টিসীমার আড়ালে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে চারটি ফেরি। বন্ধ হয়ে যায় লঞ্চ ও স্পিডবোট চলাচল। নদীতে আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহান।
কাঁঠালবাড়ি ঘাটের ব্যাবস্থাপক আব্দুল আলীম মিয়া বলেন, ‘ভোর ছয়টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ ছিল। ঘাটে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক যানবাহন আটকে ছিল। এখন আস্তে আস্তে গাড়িগুলো পারাপার করা হচ্ছে।’








