ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বাসাবাড়ির প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডাক্তার বাড়ি ও ঋষিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম অভিযানে নেতৃত্ব দেন। প্রায় ৬৫ জন শ্রমিক এতে অংশ নেন।
প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম বলেন, ‘অভিযানে প্রায় ৩ কিলোমিটার এলাকার আনুমানিক ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে দেওয়া সংযোগে ব্যবহার করা পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে।’ তিনি জানান, বৈধ গ্যাস লাইনের ৪ ইঞ্চি পাইপ থেকে অবৈধভাবে ২ ইঞ্চি ও ১ ইঞ্চি পাইপ দিয়ে সংযোগ দিয়েছে অসাধু লোকজন।
এই প্রকৌশলী বলেন, ‘অবৈধ সংযোগ গ্রহণকারী ও গ্যাস চোরাকারবারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
অভিযানের সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।








