নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে পিঠা কিনে ফেরার পথে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কলা ব্যবসায়ী আল আমিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলামিন নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচরের মৃত. আবুল হোসেনের ছেলে। সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে তার নিজ বাড়ি থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী চিনিশপুর কালীর বাজারে পিঠা কিনতে যায়। পিঠা কিনে বাড়ি ফেরার পথে কলা ব্যবসায়ী আল আমিন ওই শিশু শিক্ষার্থীকে মুখ চেপে কলাক্ষেতে নিয়ে যায় ও হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুরু করলে তাকে সেখানে ফেলে পালিয়ে যায় ধর্ষণকারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ওই ছাত্রীটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ভোরে পুলিশ অভিযান চালিয়ে পলাশ উপজেলার মাঝেরচর এলাকার নিজ বাড়ি থেকে আল আমিনকে গ্রেফতার করে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামি আল আমিনকে দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।
আরও পড়ুন:
পিঠা কিনে ফেরার পথে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী








