টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আসন পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার অপরাধে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে উপজেলার বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (কেন্দ্র সচিব) ইমরান হোসেন এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো- সবুজ আল মামুন ও মমিত। তারা দু’জনেই একই স্কুলের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়,সকালে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। কেন্দ্রে আসন ব্যবস্থাপনায় অনিয়ম, নিয়মের বাইরে পরীক্ষার্থীদের পরীক্ষা প্রদান, স্মার্টফোন ব্যবহারসহ নানা অনিয়ম দেখতে পান। এসব অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিব ইমরান হোসেন ও সহকারী শিক্ষক নজরুল ইসলামকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ১৫ দিন করে সাজা প্রদান করেন ইউএনও আব্দুল মালেক।
এ সময় সবুজ আল মামুন ও মমিত নামে দুই শিক্ষার্থী আসন পরিবর্তন করে অন্য রুমে বসে পরীক্ষা দেওয়ায় তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত করতে তৎপর। কোথাও নিয়ম ভঙ্গ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’








