গাজীপুরের শ্রীপুরে নির্ধারিত চাঁদার টাকা কম দেওয়ায় চা-পান বিক্রেতা বেলাল হোসেনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় দোকানে ভাঙচুর এবং টাকা লুটের ঘটনা ঘটে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে এই ঘটনা ঘটে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বেলাল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো আক্কাস আলী (৪৫), খাইরুল ইসলাম (৩৫), মারুফ হোসেন (২৫) এবং দুই জন অজ্ঞাতনামা। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
চা-পান দোকানি বেলাল হোসেন অভিযোগ করে জানান, শ্রীপুরের পটকা গ্রামের সিদ্দিকীয়া নন্দন কানন বনে তিন দিনের ইসলামি বন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান দেয়। শনিবার রাতে অভিযুক্তরা চাঁদা দাবি করে। স্থানীয় জনপ্রতিনিধির সমঝোতায় প্রথমে তাদের ১ হাজার টাকা দেওয়া হয়। পরে তারা আরও ২ হাজার টাকা দাবি করে। চাঁদা দিতে না পারায় তারা মারধর, দোকান ভাঙচুর এবং লুটপাট করে।
গোসিংগা ইউনিয়নের স্থানীয় মেম্বার হুমায়ুন কবির বলেন, ‘চা-পান বিক্রেতা বেলালের দোকানে পানি সরবরাহ করার বিনিময়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে টাকা নিয়ে তর্ক হয়। বিষয়টি উভয় পক্ষের সম্মতিতে সমঝোতা করে দিয়েছি। রাতে তাদের মধ্যে মারামারির ঘটনা সম্পর্কে আমি জানি না।’
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া বলেন, ‘বেলাল লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’








