বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারের সিংগাইর-হেমায়েতপুর সড়ক অবরোধ করে আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে হেমায়েতপুরের তেতুলঝোড়া এলাকার রাকেব অ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন বলে একাধিক শ্রমিক জানিয়েছেন।
আমিনুল ইসলাম, শাহিনা আক্তারসহ কারখানার একাধিক শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ গত দুই মাস ধরে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করে আসছে। করোনা প্রতিরোধের কথা বলে বেতন দেওয়ার কথা বলে কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে বকেয়া বেতন পরিশোধে কর্তৃপক্ষের কোনও সাড়া না পেয়ে রবিবার (১২ এপ্রিল) থেকে ওই কারখানার শ্রমিকরা স্থানীয় সড়ক ও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। দিনভর বিক্ষোভ শেষে বিকালে শ্রমিকরা নিজ নিজ বাড়িতে ফিরে যান।
এরই ধারবাহিকতায় সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা।
শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা মালিক এই বছরের জানুয়ারি মাস থেকে বেতন নিয়ে টালবাহানা করছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন দিলেও মার্চ মাসে কোনও শ্রমিকের বেতন না দিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এমতাবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজ বলেন, 'এই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। অনেক শ্রমিক আছেন, যারা দুই মাসের বেতনও পাননি। তাদের ঘরে খাবার নেই। অধিকাংশই এই এলাকার ভোটার না হওয়ায় তাদের ভাগ্যে জোটেনি ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রীও। শ্রমিকদের বেতন না দিলে করোনা তো দূরের কথা না খেয়েই মারা যেতে হবে অনেক শ্রমিককে।'
তিনি সরকার ও বিজিএমইর পক্ষ থেকে বিষয়টি সুরহা করে শ্রমিকদের অনিশ্চত জীবনের সমাধান করার দাবি জানান।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের এসপি সানা সামিনুর রহমান বলেন, 'খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।'








