নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে একটি রফতানিমুখি পোশাক কারখানার শ্রমিকরা ফতুল্লা মডেল থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে আরএমএম নিটিং ক্লোথিং নামে গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে বেতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
এসময় শ্রমিকরা অভিযোগ করেন, গত ৩ মাসের বকেয়া বেতন পাওনা থাকলেও এক মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। পরে দুই মাসের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে উল্টো শ্রমিকদের ছাঁটাইসহ নানা ধরনের হুমকি দিচ্ছে মালিকপক্ষ। এ সংকটময় সময়ে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার জন্য সরকারের কাছে দাবি জানান শ্রমিকরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানিয়েছেন, শ্রমিকরা থানার বাইরে রাস্তায় এসে বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ করেছে। পুলিশ গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি ফিরে যায়।








