শরীয়তপুরের ডামুড্যায় করোনা আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২২ এপ্রিল তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তবে করোনার কোনও লক্ষণ প্রকাশ পাওয়া ছাড়াই রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডামুড্যা পৌরসভার বিশাকুড়ি গ্রামের বাসিন্দা ঐ ব্যক্তি লিভার সিরোসিস রোগী। সম্প্রতি তার স্ত্রী তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে গত ৮ এপ্রিল তারা ডামুড্যা চলে আসেন। এরই মধ্যে স্ত্রীর ঠাণ্ডা-জ্বর হলে ১৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৭ এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে ওই ব্যক্তি ও তার মাসহ আশেপাশের বেশ কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২২ এপ্রিল ঐ ব্যক্তি ও তার মায়ের রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। তবে করোনার কোনও উপসর্গ প্রকাশ না পাওয়ায় তারা বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন। এই অবস্থায় রবিবার দুপুর ৩টার দিকে ওই ব্যক্তি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন বলেন, তিনি করোনা আক্রান্ত হলেও করোনার কোনও উপসর্গ ছিল না। তিনি দীর্ঘমেয়াদী লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। আজ হঠাৎ করেই তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।








