টাঙ্গাইলে নিখোঁজের ছয় দিন পর নদী থেকে আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকা রেঞ্জ রিজার্ভ পুলিশে কর্মরত রাশেদুল ইসলামের ছেলে। মঙ্গলবার (৫ মে) বিকালে শহরের লৌহজং নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন এ তথ্য জানান।
আশিক শহরের কাগমারা এলাকার বাসিন্দা। সে শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
আশিকের বাবা রাশেদুল ইসলাম বলেন, ‘কয়েক মাস আগে প্রতিবেশী রেজাউল করিমের মেয়ের সঙ্গে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আশিক ওই মেয়ের সঙ্গে কথা বলার জন্য একটি মোবাইল ফোন উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক গত ৩০ এপ্রিল রাতে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন আনতে যায়। এরপর থেকে সে নিখোঁজ।'
ওসি বলেন, ‘আশিক নিখোঁজ হওয়ার পর গত ২ মে তার মা আনোয়ারা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এ ঘটনায় তার প্রেমিকার বড় ভাই মাহিম (১৯) কে আটক করা হয়েছে। পরে সন্ধ্যার দিকে নিখোঁজ আশিকের লাশ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’







