কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মো. রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃতু হয়। তিনি জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, 'রবিবার দুপুর ২টার দিকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম। বিকাল ৪টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রশাসনের তত্ত্বাবধানে লাশ দাফন করা হবে।'
সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালের পরিচালক ডা. মনজুরুল হক জানান, তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরও তিনি মারা গেলেন।'
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২১১ জন। এর মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৭৮ জন। বাকিরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জেলার ভৈরব উপজেলায়, সেখানে আক্রান্তের সংখ্যা ৬১ জন। অন্য উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদরে ১৯ জন, হোসেনপুরে চার জন, করিমগঞ্জে ১৮ জন, তাড়াইলে ২৯ জন, পাকুন্দিয়ায় চার জন, কটিয়াদীতে ১৫ জন, কুলিয়ারচরে ১০ জন, নিকলীতে পাঁচ জন, বাজিতপুরে আট জন, ইটনায় ১১ জন, মিঠামইনে ২৪ জন এবং অষ্টগ্রাম উপজেলায় তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন।








