টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা, শিক্ষানবিশ আইনজীবী মেহেদী মোস্তফা রাজীব হত্যা মামলার মূল আসামি জিহাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত মেহেদী মোস্তফা রাজীব উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের গোলাম মোস্তফা দুলালের ছেলে। রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। গ্রেফতারকৃত জিহাদ (৩০) তার চাচা মফিজুল হক চন্দনের ছেলে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সম্প্রতি খুন হওয়া মেহেদী মোস্তফা ওরফে রাজীব হত্যার মূল আসামি তার চাচাতো ভাই জিহাদকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৪ জুন) তাকে আদালতে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে রাজীবের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে নিহতের তিন চাচাতো ভাই জিহাদ, সিফাত, রাহাত আর তাদের মা বেবিকে আসামি করে মামলা দায়ের করেছেন।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজীবের মায়ের সঙ্গে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জিহাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘর থাকা ছুরি এনে রাজীবের মাকে আঘাত করতে যায়। এ সময় রাজীব বাধা দিলে তাকেই ছুরিকাঘাত করে জিহাদ। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে রাজীবের মৃত্যু হয়।








