টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন এ রায় দেন। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আকতার নাসিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন- জেলার ভূঞাপুর উপজেলার অজুর্না গ্রামের বাসিন্দা স্বামী জহিরুল ইসলাম ও তার পিতা মজনু মিয়া।
নাসিমুল আকতার নাসিম জানান, ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া গ্রামের খন্দকার তছলিম উদ্দিনের মেয়ে তাসলিম আক্তারকে বিয়ে করেন একই উপজেলার অর্জুনা গ্রামের মজনুর ছেলে জহিরুল ইসলাম। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। পরবর্তীতে সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে জহিরুল ও তার পরিবার। এ টাকা না পাওয়ায় ২০১৬ সালের ২৮ নভেম্বর তাসলিমার স্বামী তার মোবাইল থেকে শ্বাশুড়ী রাবেয়া বেগমকে জানায়, কাউকে কিছু না বলে তাসলিমা তিন দিন আগে বাড়ি থেকে চলে গেছে। পরে তাকে না পেয়ে রাবেয়া বেগম ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরদিন ২৯ নভেম্বর বিকেলে গোবিন্দাসী বাজারের পশ্চিম পাশে যমুনার তীরে অজ্ঞাতনামা একটি লাশের ছবি ও ভিডিও দেখে নিহতের বাবা মেয়ের লাশ শনাক্ত করেন। পরে নিহতে বাবা খন্দকার তছলিম উদ্দিন ২০১৬ সালের ১ ডিসেম্বর ভূঞাপুর থানায় দণ্ডিত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার পর পুলিশ ওই গৃহবধূর স্বামী জহিরুল ইসলাম ও শ্বশুর মজনু মিয়াকে গ্রেফতার করে। ওই সময় গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরবর্তীতে তারা জামিনে বের হন। বর্তমানে তারা পলাতক।








