ব্যাংক থেকে গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, তিন কর্মকর্তা বরখাস্ত

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৫৪

অগ্রণী ব্যাংক লিমিটেড, শ্রীপুর শাখা, গাজীপুর গাজীপুরে অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখার গ্রাহকের হিসাব (অ্যাকাউন্ট) থেকে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক আব্দুল হালিমকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে আত্মসাতকৃত টাকার মধ্যে ১ কোটি ৩০ লাখ উদ্ধার করে গ্রাহকের হিসাবে জমা দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখার প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম, ক্যাশ অফিসার বদরুল হাসান সনি ও দেলোয়ার হোসেন।  

বদরুন্নাহার (সঞ্চয়ী হিসাব নং-৭৪২৯), জুয়েনা বেগম (সঞ্চয়ী হিসাব নং-১৭৪৮০) ও আফতাব উদ্দিনসহ (হিসাব নং-১৯৭২৫) অগ্রণী ব্যাংকের শ্রীপুর শাখার একাধিক গ্রাহক জানান, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ কয়েক কর্মকর্তা পরস্পর যোগসাজশে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নানা অজুহাতে চেক বইয়ের পাতা হাতিয়ে নেন। পরে জালিয়াতির করে সেসব চেকের মাধ্যমে ওইসব গ্রাহকের হিসাব থেকে বিভিন্ন সময় টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

সম্প্রতি গ্রাহকরা তাদের হিসাবে কম টাকা জমা দেখতে পেয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে জালিয়াত চক্রের সদস্যরা আত্মসাতকৃত টাকার মধ্যে ১ কোটি ৩০ লাখ গ্রাহকের হিসাবে কয়েক ধাপে জমা দেয়। এখনও পর্যন্ত একাধিক গ্রাহকের হিসাবে তাদের জমাকৃত মোট টাকার গড়মিল রয়েছে। এসব গ্রাহকরা টাকা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।

ব্যাংকের ওই শাখার গ্রাহক জুয়েনা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করেন স্বামী ও ছেলে। তারা সেখান থেকে এ ব্যাংকে আমার অ্যাকাউন্টে (সঞ্চয়ী হিসাব নং নং-১৭৪৮০) টাকা পাঠান। গত ১৩ জুলাই তথ্য জানতে গিয়ে অ্যাকাউন্টে ৮ লাখ ২০ হাজার টাকা কম পাওয়া যায়। বিষয়টি ম্যানেজারকে জানানো হলে এ ঘটনার জন্য ক্যাশ অফিসার বদরুল হাসান সনিকে দায়ী করা হয়। পরবর্তীতে গত ১৪ জুলাই ৫ লাখ টাকা এবং ১৫ জুলাই ৩ লাখ ২০ হাজার টাকা আমার অ্যাকাউন্টে জমা করেন অভিযুক্ত কর্মকর্তা সনি। প্রায় একই অভিযোগ করেন ভুক্তভোগী অন্য গ্রাহকরা।

ব্যাংকের ওই শাখার বর্তমান ব্যবস্থাপক জাকির হোসেন জানান, সোমবারও (৩১ আগস্ট) কয়েকজন গ্রাহক তাদের অ্যাকাউন্টে জমাকৃত টাকার গড়মিলের তথ্য ও অভিযোগ নিয়ে এসেছেন। ব্যাংকের এ শাখার গ্রাহকদের হিসাব থেকে কি পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে তা নিশ্চিত হতে অডিট করা হচ্ছে। তবে কারও একার পক্ষে ব্যাংকের গ্রাহকের হিসাব থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করা সম্ভব নয়। ব্যাংকের ক্যাশ অফিসার বদরুল হাসান সনির কাছ থেকে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ টাকা উদ্ধার করে গ্রাহকের হিসাবে জমা দেওয়া হয়েছে।

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ প্রসঙ্গে সাময়িক বরখাস্ত হওয়া প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম জানান, গ্রাহকদের স্বাক্ষর নকল করে ক্যাশ অফিসার বদরুল হাসান সনি চেক বই উত্তোলন করেছেন। পরবর্তীতে নিবন্ধন না করে নকল স্বাক্ষর দিয়ে চেকের পাতার মাধ্যমে গ্রাহকের হিসাব থেকে টাকা উঠিয়ে তিনি আত্মসাৎ করেছেন। নিজের কম্পিউটারের আইডি লক হওয়ার কথা বলে সনি কৌশলে আমার আইডি ও কম্পিউটার ব্যবহার করে নিজেই অথারাইজেশন দিয়ে গ্রাহকের অ্যাকাউন্টের টাকা উঠিয়ে আত্মসাৎ করেছেন। একইভাবে তিনি ক্যাশ অফিসার দেলোয়ার হোসেনের আইডি ব্যবহার করেছেন। সম্প্রতি বিষয়টি ধরা পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে অডিট কার্যক্রম শুরু হয়। 

ক্যাশ অফিসার বদরুল হাসান সনি অন্য কর্মকর্তাদের আইডি ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, ব্যাংকের গ্রাহকদের হিসাব থেকে একার পক্ষে টাকা উঠিয়ে নেওয়া সম্ভব নয়। টাকা তুলতে ভেরিফিকেশনের জন্য চার জনের স্বাক্ষরের প্রয়োজন হয়। গ্রাহকের হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের কথা স্বীকার করে সনি জানান, নজরুল ইসলাম আমার সিডি ইনচার্জ হিসেবে আমার কাছ থেকে উত্তোলনকৃত টাকার ভাগ নিয়েছেন।

অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক শামীম আরা সুলতানা গণি জানান, সম্প্রতি ব্যাংকের শ্রীপুর শাখার গ্রাহকদের অ্যাকাউন্টে সঞ্চিত টাকার হিসেবে গড়মিলের অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ওই শাখা পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ওই শাখার প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম, ক্যাশ অফিসার বদরুল হাসান সনি ও মো. দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শাখার ব্যবস্থাপক আব্দুল হালিমকে ঘটনার ব্যাখ্যা তলব করে ঢাকায় বদলি করা হয়েছে। গ্রাহকদের অ্যাকাউন্টের টাকার গড়মিল নিশ্চিত করতে অডিট টিম গঠন করে তদন্ত করা হচ্ছে। গ্রাহকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যাপারে কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। গ্রাহকদের টাকা রিফান্ড করার চেষ্টা করা হচ্ছে। তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম