নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ফুটপাতসহ অবৈধ দোকানপাট উচ্ছেদের লক্ষ্যে জেলা পুলিশ ‘অপারেশন ক্লিন সুইপ’ নামে অভিযান শুরু করেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে এ অভিযান শুরু হয়।
এ অভিযান মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী। তিনি বলেন, শনিবার শহরের বঙ্গবন্ধু সড়কের দুই পাশে এই অভিযান পরিচালিত হয়। বিকাল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে। এ সময় রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। রাস্তার পাশে অবৈধভাবে পার্ক করে রাখা গাড়ি চালকদের সতর্ক করা হয়েছে যাতে রাস্তার গাড়ি পার্ক করা না হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. সালেহ উদ্দিন আহমেদ, সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান ও নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, শনিবার বঙ্গবন্ধু সড়কের দুই পাশের ফুটপাতসহ অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। শহরের আরও গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকেও অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করা হবে।
তিনি বলেন, ২০ থেকে ৩০ শতাংশ বৈধ দোকানদার আছেন তারাও ফুটপাতের অর্ধেক অংশ দখল করে রেখেছেন। তাদেরকেও দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছে। যারা এখনও তা সরিয়ে নেয়নি রবিবার (১১ অক্টোবর) থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ অভিযান এক মাসব্যাপী চলবে।
তিনি আরও বলেন, শহীদ মিনারের আশপাশ এবং ভাষা সৈনিক সড়কে অবৈধ স্থাপনা ও অবৈধ ফাস্টফুডের দোকানগুলো দুপুর ৩টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা নিজ উদ্যোগে ৩টার মধ্যেই দোকানপাটগুলো সরিয়ে নিয়েছেন।








