নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্যে স্থানীয় পত্রিকার সাংবাদিক মো. ইলিয়াসকে হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে পুলিশ এজাহারভুক্ত ৩ আসামি গ্রেফতার করেছে।
রবিবার (১১ অক্টোবর) রাত বন্দর থানায় সাংবাদিক ইলিয়াসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো তুষার (২৮), মিনা (৬০) ও মিসির আলী (৫৩) ।
মামলার অন্য আসামিরা হলো হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও আলী (৫০)। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় সাংবাদিক ইলিয়াসকে৷ নিহত ইলিয়াস হোসেন (৪৫) দৈনিক বিজয় পত্রিকায় নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি বন্দর উপজেলার জিওধারা চৌরাস্তা এলাকার মজিবর মিয়ার ছেলে।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে৷ তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক।








