আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় ডিইপিজেডের নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের ওপর লাঠিপেটা ও শিল্প পুলিশ জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সোমবার (২ নভেম্বর) সকালে ডিইপেজেডের মূল ফটকের সামনে এ ওয়ান শ্রমিকরা অবস্থান নিলে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ডিইপিজেডের এ ওয়ান বিডি নামের একটি কারখানা বকেয়া বেতন পরিশোধ না করেই গত এপ্রিল মাসে বন্ধ করে দেয় মালিকপক্ষ। এর পর থেকে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে আসছে। এরই সূত্র ধরে সোমবার সকালে ওই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ডিইপিজেডের নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শ্রমিকরা অভিযোগ করেন, এপ্রিল মাসে তাদের বকেয়া বেতন পরিশোধ না করেই মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এর পর থেকেই তারা বিভিন্ন সময় বেতনের দাবিতে আন্দোলন করলেও এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। সোমবার সকালেও তারা বকেয়া বেতনের দাবিতে সড়কের সামনে অবস্থান নিলে ডিইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাদের লাঠিপেটা করে। এতে তাদের কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা সামিনুর রহমান বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে এক পর্যায়ে শ্রমিকদের ওপর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।’ এছাড়াও তারা শ্রমিকদের লাঠিচার্য করেননি, ডিইপিজেডের নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের লাঠিপেটা করেছে বলে জানান তিনি।
ডিইপিজেডের জি এম আব্দুস সোবহান বলেন, ‘এ ওয়ান বিডি কারখানাটি আজকে সোমবার নিলাম হওয়ার কথা ছিল। তবে ব্যাংক কর্তৃপক্ষ আদালতের স্থগিত আদেশ নিয়ে আসার কারণে নিলামটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও কারখানাটি বিক্রি করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ ও বেপজা চেষ্টা করছে।’ কারখানাটি বিক্রি করা হলে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে বলে তিনি জানান।








