গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে সড়কের দুই পাশ থেকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
সোমবার (৯ নভেম্বর) গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের ব্যাসপুর বাজার, জাটিগ্রাম বাজারসহ কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়। কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অতিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় ব্যবসায়ীরা তাদের মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নেন।
এছাড়া কাশিয়ানী বাজার ও ব্যাসস্ট্যান্ড বাজারের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় দিয়ে মাইকিং করা হয়েছে। অভিযানে কাশিয়ানী থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, সার্ভেয়ার ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এসব জমি দখলমুক্ত করতে এ অভিযান পারিচালনা করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অতিকুল ইসলাম জানান, দীর্ঘদীন ধরে এলাকার প্রভাবশালীরা গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। এতে যান চলাচলসহ সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। আগামীতেও এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।







