বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে গড়া একটি রাজনৈতিক দল বিএনপি। জাতীয়তাবাদী দলের সবাই তার ভাব শিষ্য।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বুলু বলেন, মওলানা ভাসানী পৃথিবীর একজন মহান নেতা। আফ্র-এশিয়ার নিপীড়িত মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে দেশে গণতন্ত্রহীন, ভোটারবিহীন কোনও নির্বাচন হতে পারতো না। সরকারের পতন ঘটানোর জন্য ভাসানীর আদর্শই একমাত্র পথ।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান শিমুল বিশ্বাসসহ টাঙ্গাইলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে সর্বস্তরের জনগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হয়।








