নারায়ণগঞ্জের ফতুল্লার জালকুড়ি এলাকার দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শাহাদাত হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার মাথা ন্যাড়া ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত শনিবার ( ৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই কর্মকর্তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (৬ ডিসেম্বর) রাত ৭টায় এ বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ওই কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগে দিপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক খোকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আরও জানান, মারধরের শিকার শাহাদাত হোসেন অগ্রণী ব্যাংক নারায়ণগঞ্জ শহরের টানবাজার শাখার ব্যবস্থাপক (ম্যানেজার)। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে তাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যাংক কর্মকর্তার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। হয়তো স্বামীকে শায়েস্তা করতেই হোক বা অন্য কোনও কারণেই হোক এ ঘটনাটি ঘটানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার ভাই জামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, তাকে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতন করা হয়। এক পর্যায়ে মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া করে ইনজেকশন দেওয়ার চেষ্টা করে। রাতে পুলিশ তাকে উদ্ধার করে।







