কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তা ফোরাম নারায়ণগঞ্জের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর শায়েস্তখান সড়কের সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়নে এই সামাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মোশারফ হোসেনসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে মানববন্ধন করে প্রতিবাদ জানান সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
এদিকে একই প্রতিবাদে শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্দেশনায় ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজন করে। চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, বিকেএমইএর প্রতিষ্ঠাতা সভাপতি এম মঞ্জুরুল হক প্রমুখ।
এছাড়া তোলারাম কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।








