নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে একটি রেস্টুরেন্টে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই রেস্টুরেন্টের ম্যানেজারসহ তিন জন দগ্ধ হয়েছেন। তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকালে শহরের দুবাই প্লাজার ষষ্ঠ তলার রয়েল রেস্টুরেন্টের রান্না ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—রেস্টুরেন্টের ম্যানেজার ফরিদ (৪৫), তার সহকারী সামসুল (২২) এবং রাসেল (২১)। এদের মধ্যে ফরিদ ও সামসুলকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকালে রয়েল রেস্টুরেন্টের রান্না ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে রেস্টুরেন্টটির ম্যানেজারসহ তিন জন দগ্ধ হন। তাদের মধ্যে ফরিদ ও সামসুল নামে দুজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় কয়েকজন কর্মচারী ও কাস্টমার লিফট ও সিঁড়ি দিয়ে নেমে আগুন থেকে রক্ষা পান। বিস্ফোরণে থাইগ্লাসসহ রেস্টুরেন্টটির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাজাহান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুবাই প্লাজার রয়েল রেস্টুরেন্টে রান্না ঘরে গ্যাস জমে ছিল। কক্ষটির দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে তিন জন দগ্ধ হলেও দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।’
একই দিন সকালে আড়াইহাজার থানা কার্যালয়ের একটি কোয়ার্টারে গ্যাস থেকে রান্না ঘরে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। ওই কক্ষে একজন নারী কনস্টেবল থাকেন। আগুনে কেউ হতাহত হননি।








