গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইস্ট-ওয়েস্ট ইন্ডাষ্ট্রিয়াল পার্ক পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন। এসময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করছেন। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন এসব তথ্য জানান।
শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন বলেন, গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকার ইস্ট-ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন ৪০-৫০ভাগ করে পরিশোধ করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা নভেম্বর মাসের বকেয়া পাওনা অবশিষ্ট বেতন ভাতাসহ ও ডিসেম্বর মাসের পুরো বেতনভাতা পরিশোধের জন্য গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। তাদের যৌক্তিক আবেদন কারখানা কর্তৃপক্ষ আমলে না নিয়ে টালবাহানা করতে থাকে। একাধিকবার বকেয়া পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করলেও কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে কারখানার ভেতরে শ্রমিকরা পাওনাদি পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এসময় তারা প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধের দাবি জানান। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের বুঝিয়ে সড়কের ওপর থেকে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার না করে তাদের দাবিতে অনঢ় থেকে বিক্ষোভ করতে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ নভেম্বর মাসের বকেয়া পাওনা আগামী সোমবার ও ডিসেম্বর মাসের বকেয়া পাওনা ২০ জানুয়ারি পরিশোধের ঘোষণা দেয়। শ্রমিকেরা মালিক পক্ষের ঘোষণা প্রত্যাখ্যান করে অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রাখে। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার উদ্যোগ নিয়েছে।








