নারায়ণগঞ্জ জেলায় বরাদ্দকৃত করোনার ১ লাখ ৫৬ হাজার ভ্যাকসিন এসে পৌঁছেছে। মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ইমতিয়াজ তার কার্যালয়ে এই ভ্যাকসিন বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধিরা।
জেলা সিভিল সার্জন জানান, সরকারের বিধি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কর্মসূচির সঙ্গে একযোগে জেলার ছয়টি সরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। নগরীর খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতাল ও সদরের ১০০ শয্যা জেনারেল হাসপাতালসহ আরও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন দেওয়া হবে। সেখানে সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষের দিকে। তবে শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিদেরকেই দেওয়া হবে এই ভ্যাকসিন। অনিবন্ধিত কাউকে এই ভ্যাকসিন দেওয়া হবে না। এ ব্যাপারে ইতিমধ্যেই জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে তাদের প্রশিক্ষণ পর্ব শেষ হবে বলে জানান জেলার সিভিল সার্জন।









