নিজে ভ্যাকসিন নিয়ে ফরিদপুরের সালথায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ। রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় স্থাপিত ভ্যাকসিন বুথে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর ভ্যাকসিন নেন স্থানীয় সাংবাদিক মনির মোল্যা। এখানে প্রথম পর্যায়ে ২ হাজার ৬শ’ ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে।
ভ্যাকসিন নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ ও সাংবাদিক মনির মোল্যা বলেন, আমরা দুই জন সাড়ে ১১টার দিকে ভ্যাকসিন নিয়েছি। আমাদের দুই জনকেই ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শরীর ঠিকই আছে। কোনও ধরনের পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। এর আগে আমরা অনেক টিকা নিয়েছি। করোনা ভ্যাকসিন ওই সব টিকার মতোই মনে হচ্ছে। তাই এই ভ্যাকসিনকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, সালথা থানার ওসি সুব্রত গোলদার, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমুখ।









