প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘যারা অপপ্রচার চালাচ্ছে তারা প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে কোনও কথা বলতে পারেনি। অথচ সবাই প্রধানমন্ত্রীর লোক বলে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা মনে করি জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না।’
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে কর অঞ্চল-গাজীপুরে উদ্যোগে ‘সেরা করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এসময় আরও বলেন, যারা ষড়যন্ত্র করছে তারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। কোনও সুনির্দিষ্ট অভিযোগ না করে, বিভিন্নস্থান থেকে ফুটেজ সংগ্রহ করে একটা কিছু বানিয়েছে। কারা এ বিষয়ে জড়িত, তা খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কর অঞ্চল-গাজীপুরের কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদত সরকার, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক (ফিন্যান্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল হক, গাজীপুর ট্যাক্সেস বারের সভাপতি মো. আহসান উল্লাহ অন্তু, অতিরিক্ত কর কমিশনার মো. আব্দুস সামাদ প্রমুখ।









