গাজীপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাড়কের বাসন থানার পেয়ারাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার জরুন মিরপুর এলাকার কালু শেখের ছেলে ওষুধ ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৮) এবং একই এলাকার কাপড় ব্যবসায়ী আল আমিন (৩২)।
এসআই নাহিদ জানান, আব্দুল আজিজ ও আল আমিন কোনাবাড়ি থেকে মোটরসাইকেলে করে মহানগরের ভোগড়া এলাকায় যাচ্ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার সময় বাসন থানার পেয়ারাবাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মহাসড়কে স্টিলের তৈরি ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে আরোহী দুই জন ছিটকে পড়ে মাথায় আঘাত পান ও ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।









