শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ গ্রামের এক হিন্দু পরিবারের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা এবং এই টাকা না দিলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় রবিবার পালং মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি নং ৫১) করেছে পরিবারটি।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত তারকেশ্বর ঠাকুরতার ছেলে কাজল কুমার ঠাকুরতা শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে তার বসত ঘরের সিঁড়িতে দরজার সামনে একটি কাগজ দেখতে পান। এতে লাল কালিতে লেখা ছিল, ‘দশ লাখ টাকা দিবি, না দিলে মেরে ফেলবো।’ তবে কে বা কারা কাগজটি রেখে গেছে তা সেখানে লেখা ছিল না।
কাজল কুমার ঠাকুরতা বলেন, আমি কাগজটি দেখতে পেয়ে প্রতিবেশী উত্তম কুমার ঘোষ ও মালেক মোল্লাকে ডাক দেই। এসময় দেখি কাগজে লেখা- ‘দশ লাখ টাকা দিতে হবে না দিলে তোর মৃত্যু হবে।’
উল্লেখ, ওই বাড়িতে একটি পুরাতন কালিমন্দির রয়েছে। গত ২০০২ সালের ২০ মে মন্দিরটিতে ভাঙচুর করা হয়েছিল।
হুমকির বিষয়টি নিয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
/এনএস /এএইচ /








