গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (১৪ মার্চ) সকাল ১০টার পর ঢাকা-রংপুর রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
এসআই আব্দুল মালেক জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার আহাকি এলাকায় রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে দুই কিশোর মারা গেছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর। নিহতদের লাশের পাশ থেকে লাটিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রেল লাইনের পাশে তারা লাটিম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরনে জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অপরজনের পরনে জিন্সের প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে।
এদিকে, একই দিন ঢাকা-রংপুর রেল রুটে কালিয়াকৈরের রতনপুর এলাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পথচারী যুবক মারা গেছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।
পুলিশ উভয় ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।









