স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।
ফ্যাক্স বার্তায় আরও জানা যায়, শুক্রবার সকাল সোয়া ১০টায় বঙ্গবন্ধুর কন্যা টুঙ্গিপাড়া পৌঁছে তার পিতা শেখ মুজিবুর রহমানের সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সেখানে অবস্থান করেই তিনি সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত জুমার নামাজ আদায়, মিলাদ মাহফিলে অংশগ্রহণ ও মধ্যাহ্ন বিরতি নেবেন। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টুঙ্গিপাড়াজুড়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।
/এআর/এফএ/আপ-এআর/








