মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর ফুটপাতের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে মো. শায়র (১৭) এবং মুন্সীগঞ্জ উপজেলার সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে মো. অমি (২২)।
মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান জানান, মুক্তারপুর সেতুতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাতের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে আরোহী মো. শায়র নিহত হন। চালককে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।









