রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সন্তানেরা মাকে মুখ বেঁধে বটি দিয়ে জবাই করার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ মে) উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো নাগদা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মা রাবেয়া বেগম অভিযোগ করেন, স্বামী নুরুল ইসলাম জীবিত থাকাকালে চার শতক জমিসহ বসতঘর আমার নামে ও বাকি জমি দলিল করে শুধুমাত্র তিন ছেলের নামে দিয়ে যান। একমাত্র মেয়ে ঝর্ণা আক্তারকে কোনও জমিজমা তিনি দিয়ে যাননি। তিন ছেলের কেউ নিজ মা হিসেবে রাবেয়া বেগমের ভরণ-পোষণ না করায় বাধ্য হয়ে তিনি মেয়ে ঝর্ণার বাড়িতে বসবাস করে আসছিলেন। পরে সেবায় সন্তুষ্ট হয়ে মেয়ে ঝর্ণাকে নিজ মালিকানার বাড়ি থেকে দুই শতক জমি লিখে দেই। এরপর থেকে ছেলে কমল (৩৫), আব্দুর রাজ্জাক (৩২) ও জহিরুল ইসলামের সঙ্গে বিরোধ শুরু হয়। বিরোধের জেরে শুক্রবার তিন ছেলে আমার সঙ্গে বাদানুবাদে জড়ায়। একপর্যায়ে তারা লাঠি দিয়ে পেটানো শুরু করে। পরে মুখে কাপড় বেঁধে বটি দিয়ে জবাইয়ের চেষ্টা করে।
স্থানীয়রা জানান, খবর পেয়ে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে রাবেয়া বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এমনকি মেয়ে ঝর্ণা আক্তার ও তার স্বামী বাড়িতে প্রবেশ করতে চাইলে তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় অভিযুক্ত ছেলেরা।
এ ঘটনায় মা রাবেয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রাবেয়া বেগম অভিযোগ করেন, তিন সন্তানের মধ্যে মেজো ছেলে আব্দুর রাজ্জাক ও ছোট ছেলে জহিরুল নিয়মিত মাদক গ্রহণ করে। তাই তাদের আচরণ ভালো না। তিনি দোষী ছেলেধের বিচার দাবি করেন।
রূপগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়ে তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।









