টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকাল সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ইউনিটে আগুন লাগার খবরে করোনা রোগী ও তার স্বজনরা দ্রুত হাসপাতাল থেকে নেমে আসেন। এ সময় উৎসুক জনতার ভিড় জমে। আতঙ্ক সৃষ্টি হয় রোগী ও স্বজনদের মাঝে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। কয়েক মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে সব মিলিয়ে আমাদের ১৫ মিনিট সময় লাগে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় কোনও ক্ষতি হয়নি। আইসিইউ ওয়ার্ডে ১০ জন রোগী ছিলেন। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।’
জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহা. সাহাবুদ্দিন খান বলেন, ‘রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।’









