উজানের ঢল ও ভারী বর্ষণের ফলে টাঙ্গাইলে যমুনা নদীতে ১০ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদী ছাড়াও ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার, ধলেশ্বরীতে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়ার ফলে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও নাগরপুর উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকায় পানি প্রবেশ করছে। এ কারণে এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে আছে ফসলি জমি। কোথাও কোথাও নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, ‘যমুনা নদীসহ জেলার সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর পানি লোকালয় কিংবা নিম্নাঞ্চলে প্রবেশ করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।’









