নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে রবিবার (২৯ আগস্ট) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- মো. কনক (২০), মো. জুয়েল আহমেদ (২২), মো. শামিম হোসেন (১৯), মো. সাদ্দাম হোসেন (২১), মো. লিয়ন খান (১৮), প্রান্ত হক সৈকত (১৮), মো. হৃদয় ইসলাম (১৮) ও মো. নাহিদুল ইসলাম (১৯)।
র্যাব জানায়, গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যরা নিয়মিত সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।









