গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে চেয়ারম্যানপ্রার্থীর নির্বাচনি শোডাউনের পর দোকানপাটে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘটনাটি ছড়িয়ে পড়ে। গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যানপ্রার্থী আজাহার হোসেন তালুকদারকে এ ঘটনার জন্য দায়ী করেছেন স্থানীয় দোকানিরা।
প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার দোকান মালিকরা জানান, বুধবার সন্ধ্যার দিকে ওই চেয়ারম্যানপ্রার্থীর সনমর্থনে জৈনাবাজারে শতাধিক সমর্থকের অংশগ্রহণে শোডাউন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শোডাউনে অংশ নেওয়া এক সমর্থক বাজারের গফুর মার্কেটের একটি নির্মাণাধীন দোকানের ভেতর প্রস্রাব করতে যান। এতে বাধা দিলে আশপাশের দোকানিদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শোডাউনে অংশ নেওয়া লোকজনকে খবর পাঠিয়ে এনে তিনটি দোকানে হামলা, মারধর ও লুটপাট করা হয়।
স্থানীয় মুদি দোকানি আকাশ অভিযোগ করেন, হামলাকারীরা আমার দোকান ভাঙচুর করে। বিকাশেরর দোকানি ইকবালকে মারধর করে টাকা-পয়সা লুট করা হয়। হামলায় আহত দোকানি ইকবাল স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আকরাম হোসেনের মালিকানাধীন রাকিব ইলেক্ট্র্রনিক্সেও ভাঙচুর ও লুটপাট করা হয়। চা বিক্রেতা আকাশের দোকানেও হামলা করা হয়। ভাঙচুরের কিছুক্ষণ পর দোকানিরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পাালিয়ে যায়। পরে চেয়ারম্যান প্রার্থী আজাহার হোসেন তদালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে সময় নির্ধারণ করে বিচারের আশ্বাস দিয়ে চলে যান।
এ বিষয়ে চেয়ারম্যানপ্রার্থী আজাহার হোসেন তালুকদারের মোবাইলফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া গেছে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাইনি।









