মুন্সীগঞ্জের সদর উপজেলার মেঘনা নদীতে জেলেদের হামলায় গজারিয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার চর ঝাপটা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এসআই আব্দুস সালাম, এসআই মো. শাহ আলম, এএসআই মো. ফয়সাল কবীর, কন্সটেবল কবির হোসেন। এরমধ্যে কন্সটেবল কবিরকেও ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ চর ঝাপটা গ্রামের হারেজ আলীকেও (৬০) ঢাকায় পাঠানো হয়।
আহত এসআই মো. আব্দুস সালাম বলেন, অভিযানে একটি স্পিডবোট ও একটি ট্রলারে ১০ নৌ-পুলিশ সদস্য ছিলেন। নদীর পাড়ে অবস্থানকালে ২০০-২৫০ জন জেলে গ্রামবাসী নৌ-পুলিশ সদস্যদের দিকে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে এসে হামলা চালান। ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করা হয়। এ সময়ও হামলাকারীরা ইটপাটকেলও নিক্ষেপ করেন। এ সময় ৪০ রাউণ্ড গুলি ছোড়া হয় বলে জানান তিনি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সোহেল জানান, কন্সটেবল কবির হোসেনের মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।









