ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অন্তত ৫৫ ছাত্রী গত সোম ও মঙ্গল বার গণঅসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসকরা বলছেন খাদ্যে বিষক্রিয়া থেকে তারা আক্রান্ত হয়ে থাকতে পারে। যদিও অসুস্থদের দাবি, একই খাবার বা বিশেষ কোনও খাবার আক্রান্ত সব শিক্ষার্থী একসঙ্গে গ্রহণ করেনি।
আক্রান্তদের স্কুলের ক্লাস শিক্ষিকা জান্নাত আরা জানান, দুপুর দুইটায় মধ্য বিরতির (টিফিন) পর আবারও ক্লাস শুরু হলে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে একে একে ওই ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক স্কুল বন্ধ ঘোষণা করা হলে ছাত্রীরা বাড়ি যাওয়ার চেষ্টা করলে অনেকে পথেই আক্রান্ত হয়। স্থানীয়রা তাদের মধ্যে গুরুতর অসুস্থদের দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আক্রান্তরা জানান, তারা মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অস্থিরতাসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ছেন।
কর্তব্যরত ইন্টার্নি চিকিৎসক ডা. শাওন জানান, প্রাথমিকভাবে তাদের উপসর্গ অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান, প্রাথমিকভাবে এটি গণ হিস্টিরিয়া বলে মনে হচ্ছে। এ জাতীয় রোগে আক্রান্তরা মানসিক চাপের কারণে অন্যের দেখা দেখি আক্রান্ত হয়ে থাকতে পারে।
/টিএন/আপ-এইচকে/








