দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে গেছে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও থান কাপড়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বাবুরহাটে বাজারের একটি শাড়ির দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাটে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ ছিল। স্থানীয়রা বিকালে আনুমানিক বিকাল সাড়ে ৪টায় বাজারের মধ্যে শাড়ির দোকানে আগুন দেখতে পান তারা। পরে তারা খবর দিলে মাধবদী বাজার ফায়ার স্টেশন ঘটনাস্থলে আসে। দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস থাকায় দ্রুত আগুন একে একে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের একটি শেডের প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা বাজারে আসতে শুরু করেন। তারা নিজ নিজ দোকানের সামনে ভিড় করতে থাকেন। বাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান খাজা ট্রেডার্সের মালিক জুয়েল খান বলেন, ‘খবর পেয়ে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। সব ছাই হয়ে গেছে। অনেকেই দোকান পুড়ে যাওয়ায় নিস্ব হয়ে গেছেন।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আবদুল হালিম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাস্তা ও হাটের গলিগুলো সরু থাকায় কাজ করতে অনেকটা বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’








