গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের আদর্শ। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী দায়িত্ব থাকাকালীন আমরা একটি নতুন পরিকল্পিত শহর করবো। যে শহরে সব মানুষ নিরাপদে কাজ করবে। সমালোচনা না করে আসুন সবাই মিলেমিশে একসঙ্গে উন্নয়নের কাজ করি। তাহলেই সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
মঙ্গলবার (০৯ নভেম্বর) প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন পালন উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সমালোচকদের উদ্দেশ করে মেয়র জাহাঙ্গীর বলেন, সমালোচনা করা সহজ, কিন্তু কাজ করা কঠিন। মিথ্যাচার ও অপপ্রচার করে কাউকে ছোট করবেন না। যারা নিজেদের স্বার্থ লোভে উন্নয়নের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আমাদের শহরের ক্ষতি করতে চাচ্ছেন, তাদের বলি আপনারা গিবত না করে উন্নয়নের পক্ষে কাজ করেন। আমি আপনাদের সম্পর্কে যা জানি যদি তা প্রকাশ করি, তাহলে আপনারা রাস্তাঘাটে মুখ দেখাতে পারবেন না। প্রয়োজন হলে সময়মতো মুখ খুলবো। তখন অনেকের জন্য মঙ্গলজনক হবে না।
মেয়র আরও বলেন, আমি সততার সঙ্গে আদর্শের রাজনীতি করে আসছি। অথচ একটি মহল আমাকে হত্যা করতে চায়। তারা নানাভাবে আমাকে অপমানিত ও প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু কোনও ষড়যন্ত্র কিংবা মিথ্যা সমালোচনায় কিছু যায় আসে না। এই শহর যেন ভালো থাকে, নিরাপদ থাকে সেই কাজগুলো আমি করছি। দিনেরাতে কাজ করে শহরের ৮০০ কিলোমিটার রাস্তার কাজ প্রায় সম্পন্ন করেছি। পৃথিবীর কোনও দেশে এভাবে কাজ শুরু হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই শহরকে সবার জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করছি। গাজীপুর শহরকে চারটি অর্থনৈতিক জোন করতে চাচ্ছি। যেখানে ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। শহরের কোনও মানুষ বেকার থাকবে না। অন্যের কাছে হাত পাততে হবে না।
এর আগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি হায়দারাবাদে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আমজাদ হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মুজিবুর রহমান ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ প্রমুখ।
এদিকে, মহানগরীর টঙ্গীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জনপ্রিয় নেতা আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন পালিত হয়েছে। টঙ্গীর অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, নাসির উদ্দিন মোল্লা, হেলাল উদ্দিন, অধ্যাপক মহিউদ্দিন মহি ও কামরুল ইসলাম।
১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন আহসান উল্লাহ মাস্টার। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে আহসান উল্লাহ মাস্টার এমপিকে হত্যা করে সন্ত্রাসীরা।









