দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮৩৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।
দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তবে বেশ কয়েকটি কেন্দ্র ও এলাকায় নির্বাচনি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে।
এর মধ্যে নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিতে তিন জন, কক্সবাজারের সদর উপজেলায় কুরুশখুল ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন, ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন ও কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলায় একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় এবং আরও বেশ কয়েকটি ইউনিয়নে সংঘর্ষে প্রায় শতাধিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্বাচন শুরু আগেই সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী মাহবুবুর রহমান ও মো. ফোরকানের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। একই উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে হাতে নাতে ধরা পড়েছেন দুই যুবক। ভোট কারচুপির অভিযোগ তুলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের ব্যালট পেপারের সঙ্গে বাড়তি ব্যালট পেপার দেওয়ায় এক ভোটারকে আটক করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেওয়া নিয়ে নৌকা ও বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এদিকে, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়ায় মুন্সীগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক নারী অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেছে। মানিকগঞ্জের জামশা ইউনিয়নের এক কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টাকালে ১৭ বহিরাগতকে আটক করা হয়েছে। নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চার মেম্বার প্রার্থী করছেন সম্প্রীতির ভোট। এলাকার জনগণ, উন্নয়ন ও শান্তির স্বার্থে তারা শপথ নিয়েছেন, কেউ কোনও প্রকার প্রভাব বিস্তার করবেন না। বৃহস্পতিবার ১০টার দিকে হালসা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রবেশমুখে তাদের একসঙ্গে বসে থাকতে দেখা যায়। এ সময় তাদের ঘিরে ভোটারদের জটলা দেখা গেছে। যশোরের গঙ্গানন্দপুর ইউনিয়নে ভোটারদের কেন্দ্রে প্রবেশ বাধা দেওয়া এবং মাস্তানির অভিযোগে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ ছাড়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে এক মাঠে দুইটি কেন্দ্র করে ভোটগ্রহণ হয়েছে। এতে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। কেন্দ্রে এসে বুথ খুঁজতে সমস্যায় পড়তে হয়েছে তাদের।
বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ির ইউপি নির্বাচনের কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় জয়নাল আবেদীন নামে এক প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।









