মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে সানজিদা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ নিয়ে দুই দিন ধরে দাফনের অপেক্ষায় আছেন মা। মালয়েশিয়া প্রবাসী বাবা দেশে ফিরলে এ বিষয়ে আইনি পদক্ষেপের সিদ্ধান্তের পর তার দাফন করা হবে। শ্বশুরবাড়ি থেকে সানজিদার লাশ এনে ফ্রিজার গাড়িতে রাখা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার বিকালে টঙ্গিবাড়ী থানা পুলিশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে সানজিদার লাশ বুঝিয়ে দিয়েছে। তবে লাশ দাফন না করে নিজ বাড়িতে ফ্রিজার গাড়িতে রেখে দেওয়া হয়েছে।
সানজিদা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবু সাইদ শেখের মেয়ে। সাত মাস আগে একই গ্রামের শাহজাহান বেপারির ছেলে সাহারিয়ার রাতুলের সঙ্গে তার বিয়ে হয়।
মৃতের মা সাহিদা বেগম মঙ্গলবার সকালে বলেন, ‘আমার মেয়ে কীভাবে তার স্বামীর ঘরে মারা গেছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তার লাশ ফ্রিজারে রাখা হয়েছে। সানজিদার বাবা মালয়েশিয়া থেকে আসার পর লাশ দাফন এবং আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন। তিনি ১৫ ডিসেম্বর দেশে আসবেন।’
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সানজিদাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামী রাতুল ও তার মা। তারা ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে খাটের ওপর রেখে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মোল্লা শোয়েব আলী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হয়েছে। আমরা কাউকে সন্দেহ করছি না।’









