মানিকগঞ্জে বাসের চাপায় বেগম রোকেয়া (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বেগম রোকেয়া দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর শাশুড়ি।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো আজও সকালে হাঁটতে বের হন তিনি। এরপর সকাল সাড়ে ৬টার দিকে মুশুরিয়া এলাকায় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা গাবতলীগামী সেলফি পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর দ্রুত গতিতে বাস চালিয়ে সটকে পড়ে চালক।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। বাসটি আটক করা সম্ভব না হয়নি। তবে শনাক্ত করা সম্ভব হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









