জেলার হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নের তিনটি কেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় আড়াইঘণ্টা পর ভোট শুরু হয়।
প্রিসাইডিং অফিসার মঞ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাঘুটিয়া ওমর আলী উচ্চ বিদ্যালয়, বাঘুটিয়া আলিম মাদ্রাসা ও দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেরিতে শুরু হয়। ঘন কুয়াশার কারণে নদীপথে নৌকাযোগে ব্যালট পৌঁছাতে দেরি হওয়ায় ১০ টা ৪০ মিনিটের পর ভোট শুরু হয়।
হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩৬৯ জন, ১১৭টি সাধারণ সদস্য পদে ৩৬৯ জন এবং সংরক্ষিত ৩৯টি মহিলা আসনে ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৫ হাজার ৯২৮ জন মহিলাসহ মোট এক লাখ ৩২ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোট দেবেন। মোট ১১৭ জন প্রিসাইডিং অফিসার, ৩৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৭৭৮ জন পোলিং অফিসারকে ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে আছেন।
তিনি আরও বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।
দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ জানান, উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য ৭২টি পদে ২৮৫ এবং সংরক্ষিত নারী আসনে ১০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার আটটি ইউনিয়নে ভোট পরিচালনার জন্য মোট ৭৪ জন প্রিসাইডিং অফিসার, ৪১৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৮৩৬ জন পোলিং অফিসার কাজ করছেন।









