ঘন কুয়াশার কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৯ ট পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রুটের সব লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ রাখে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোরে চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকায় নৌরুটে সামান্য দূরত্বেও কিছু দেখা যায়নি। এ কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ, স্পিডবোট, ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৯টার পর নৌযান চলাচল শুরু হয়।
এদিকে কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যাও কম রয়েছে বলে জানা গেছে। সকালে ঘাটে ঢাকাগামী যাত্রীদের উপস্থিতি তেমন দেখা যায়নি।
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন, ‘কুয়াশার মাত্রা বেশি থাকায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় নৌযান চলাচল স্বাভাবিক হয়।’









